শনিবার রাত সাড়ে ৯টায় ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ২০১৪ সালের নির্বাচন ছিল ‘ভোট চুরির নির্বাচন’, ২০১৮ সালের নির্বাচন ছিল ‘রাতের অন্ধকারে অনুষ্ঠিত নির্বাচন’ এবং ২০২৪ সালের নির্বাচন ছিল ‘ডামি নির্বাচন’।

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গুম, হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা ঘটেছে এবং তাদের স্বাভাবিকভাবে বসবাস করতেও বাধার মুখে পড়তে হয়েছে।

এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সমন্বয়ক বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে চার বছর বয়সী শিশু থেকে শুরু করে ৭০ বছর বয়সী মানুষ পর্যন্ত ১,৪০০ জনকে হত্যা করেছে। এমন একটি দলের হাতে দেশের মানুষ নিরাপদ থাকতে পারে না।

প্রশাসনিক সেবা প্রসঙ্গে সারজিস বলেন, দেশের প্রতিটি থানায় রাজনৈতিক পরিচয় নির্বিশেষে মানুষ যেন সমানভাবে পুলিশের সহযোগিতা পায়, তা নিশ্চিত করতে হবে।

একইভাবে হাসপাতাল, ভূমি অফিস, ইউএনও কার্যালয়, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় এবং পুলিশ সুপারের (এসপি) কার্যালয়সহ সব সরকারি দপ্তরে দল-মত নির্বিশেষে নাগরিকরা যেন কোনো ধরনের টাকা ছাড়াই প্রয়োজনীয় সেবা পান, সেটি নিশ্চিত করার আহ্বান জানান এনসিপির এই নেতা।

এনএইচ