নিহতরা হলো—পূর্বধলার কাঁদাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত হাসান (৬) এবং আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামের রিপন মিয়ার ছেলে নাফিস (সাড়ে ৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল রাহাত। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে পড়ে যায় রাহাত। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
অন্যদিকে, শনিবার সকাল ১১টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায় নাফিস। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৌশিক দাস জানান, হাসপাতালে আনার আগেই নাফিসের মৃত্যু হয়েছে।
দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এস