নিহত মুসলিমা ওই এলাকার ইসলাম শেখের মেয়ে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মোল্লাহাট থানায় হত্যা মামলা করেছেন। মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কচুড়িয়া মধ্যপাড়া এলাকার জাহাঙ্গীর (৫৫) এবং তার দুই ছেলে রমজান (১৯) ও আব্দুর রহমান (২৭)। তারা নিহত শিশুটির প্রতিবেশী।

স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির আশপাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল মুসলিমা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা প্রথমে আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন। পরে প্রতিবেশীরাও তাদের সঙ্গে যোগ দেন।

সন্ধ্যার পর স্থানীয় কয়েকজন একটি মাছের ঘেরের পাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান। কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন।

শিশু হত্যার ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হত্যাকারী সন্দেহে কয়েকটি বাড়িঘরে আগুন দিয়েছেন বলে জানা গেছে। তবে পরে এলাকার পরিস্থিতি শান্ত হয় বলে জানিয়েছে পুলিশ।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বাবার করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, হত্যার পেছনের কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এস