জানা গেছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অফিসের কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয় তালাবদ্ধ করে চলে যান। এরপর শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অফিস সহকারী বোরহান হাওলাদার জরুরি দাপ্তরিক কাজে এসে প্রধান দরজার তালা ভাঙা দেখতে পান।
পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষ এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে কার্যালয়ের মালামাল যাচাই করে দেখা যায়, পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র চুরি বা তছনছ হয়নি।
কর্তৃপক্ষের ধারণা, দুই দিন অফিস বন্ধ থাকার সুযোগে বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার সন্ধ্যার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা কার্যালয়ে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন বলেন, “অফিস সহকারী তালা ভাঙার বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে এসে দেখি পাঁচটি তালা ভেঙে মূল্যবান ইলেকট্রনিক সরঞ্জাম চুরি হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।”
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনাটি পুলিশ জেনেছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএইচ











