রোববার (৩ মে) ভোর ৬টা ২৫ মিনিটের দিকে তেতলী বাজার এলাকায় শ্রমিকবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার সুরুজ আলী (৬০), মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ এলাকার বদরুল (৩০) এবং ফরিদুল (৩৫)। অন্য ৪ জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার শ্রমিকরা। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, সকালে শ্রমিকরা পিকআপে করে লালাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পিকআপ ও ট্রাকের চালক দুজনই পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এনএইচ