এ চিত্র রংপুরের মিঠাপুকুর উপজেলা শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে পাঠদান ব্যাহত হওয়াসহ নানা সমস্যায় ভূগছে সরকারি বিদ্যালয়টি। জাতীয়করণ হলেও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী।

সরেজমিনে উপজেলার ময়েনপুর ইউনিয়নের শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টি ১৯৮৮ সালে স্থাপিত হয়। বর্তমান ওই শিক্ষা প্রাতিষ্ঠানে সব ক্লাস মিলে ২২০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছে ৫ জন। প্রয়োজনীয় শিক্ষক থাকলেও শ্রেণিকক্ষ সংকটে ভুগছে বিদ্যালয়টি। বর্তমানে মাত্র ৩টি রুম রয়েছে। এ তিনটি রুমে কোনো রকমে চলছে পাঠদান কার্যক্রম।

স্থানীয় অভিভাবকরা জানান, মিঠাপুকুরের অনেক জায়গায় নতুন নতুন বিল্ডিং হয়েছে। কিন্তু আমাদের এখানে প্রয়োজন হলেও বিল্ডিং হচ্ছে না। শ্রেণিকক্ষ সংকট থাকায় আমাদের কোমলমতি ছেলেমেয়েরা অনেক কষ্ট করছে। আমরা এ সমস্যার সমাধান চাই।

বিদ্যালয়ের সভাপতি শয়ন মণ্ডল বলেন, পর্যাপ্ত বরাদ্দ পাই না, এ জন্য ইচ্ছে থাকলেও বিদ্যালয়ের উন্নয়ন করা সম্ভব হয় না। সীমানা বাউন্ডারিসহ অ্যাকাডেমিক ভবন নির্মাণ করা খুবই জরুরি।

প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, শ্রেণিকক্ষ সংকটের কারণে একসাথে সবগুলো ক্লাস নিতে সমস্যা হচ্ছে। শ্রেণিকক্ষের চরম সংকট চলছে। এ জন্য প্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো সুফল মিলছে না।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুল ইসলাম বলেন, এ বিষয়ে আবেদন করেছে কি না দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এনএইচ