শনিবার (২৯ আগস্ট) দুপুরে বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ জাকারিয়ার হাতে সম্মাননা ও উপহার তুলে দেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, হাফেজ জাকারিয়া আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে শুধু তার পরিবার বা বাউফল নয়, পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার এই অর্জন বাউফলবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।
তিনি বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাউফলের সন্তান হাফেজ জাকারিয়ার এই সাফল্য প্রমাণ করে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে বাংলাদেশের মেধাবী সন্তানরা বিশ্বমঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে। তার এই অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
ড. মাসুদ আরও বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করলে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ জাকারিয়ার এমন অর্জনে বাউফলবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও তার সাফল্যের ধারাবাহিকতা কামনা করা হয়।
এস