দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের ২২ ধারার আড়ালে দায়মুক্তির সুযোগ পাচ্ছেন দুর্নীতি ও অবৈধ সম্পদের মালিক প্রভাবশালী ব্যক্তিরা। অথচ দুদকের অনুসন্ধান এবং তদন্তে অভিযোগের সততা পাবার পর কাউকে দুদক আইনের ২২ ধারায় ব্যক্তিগত শুনানির অন্তরালে ছেড়ে দেয়ার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠছে।

সংশ্লিষ্ট সূত্রমতে,চিহ্নিত দুর্নীতিবাজ,অবৈধ সম্পদের মালিকদের ‘দুর্নীতিমুক্ত ও সততার সার্টিফিকেট লাভের ঘটনায় এ সহজ প্রক্রিয়ায় দায়মুক্তির প্রতিযোগিতায় নামছে প্রভাবশালীরা।

বিপিসি: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ১৫০ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি ৪ আমলাও এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দুদক আইনের ২২ ধারায় আবেদন করে ব্যক্তিগত শুনানির সুযোগ নিয়ে মামলার অভিযোগ থেকে অব্যাহতির চেষ্টায় আছেন। ৫ আসামির হলেন; জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব (বিপিসির সাবেক চেয়ারম্যান) আবু বকর সিদ্দিক, বিপিসির সাবেক সচিব আনোয়ারুল করিম, বিপিসির সাবেক চেয়ারম্যান একেএম জাফরউল্লাহ ,সাবেক চেয়ারম্যান মেজর (অব:) মুক্তাদির আলী এবং বিপিসির সাবেক ডিএমডি মোঃ আব্দুল আউয়াল।

তাদের বিরুদ্ধে সমুদ্রে পরিবহণজনিত লোকসান কম-বেশি দেখিয়ে আমদানিকৃত জ্বালানি তেলের ১৫০ কোটি টাকা অতিরিক্ত মূল্য পরিশোধের নামে এ অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। ২০১৩ সালের ১৬ অক্টোব চট্টগ্রাম বন্দর থানায় মামলা হয়। মামলাটি তদন্ত শেষে ২৯ জুন দুদকের উপ-পরিচালক যতন কুমার ৫ আসামির বিরুদ্ধেই চার্জশিট দাখিলের সুপারিশ রেখে প্রতিবেদন জমা দেন।

কিন্তু আসামিরা দুদক আইনের ২২ ধারায় শুনানির আবেদন করে গত ২৩ আগস্ট তাদের শুনানির সুযোগ নেয়। তারা ‘নির্দোষ’ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতির চেষ্টায় রয়েছেন।

প্রাইম ব্যাংক: ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রাইম ব্যাংকের দিলকুশা ইসলামিক ব্যাংকিং শাখার আইটি সিস্টেম, নিজের পাসওয়ার্ড ব্যবহার করে ৯৫ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ৯০৩ টাকা আত্মসাৎ করেন ওই ব্যাংকের নির্বাহী কর্মকর্তা কামরুল আহমেদ ফেরদৌস। এ ঘটনায় ২০১২ সালের ২৯ মার্চ প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মতিঝিল থানায় মামলা করে।

পরে মামলাটি দুদকের সহকারি পরিচালক এসএম রাশেদুর রেজা মামলাটি তদন্ত করেন। তার তদন্তে আত্মসাতের অর্থের পরিমাণ বেড়ে যায়। তিনি প্রাইম ব্যাংকের ১৬ কর্মকর্তাসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সুপারিশ করেন। পরে অভিযুক্ত কর্মকর্তারা দুদক আইনের ২২ ধারা অনুযায়ী শুনানির সুযোগ চেয়ে আবেদন করেন। গত ৭ জুলাই দুদক চেয়ারম্যান ও ২ কমিশনারের কমিশনে ১৪ কর্মকর্তা শুনানির সুযোগ নেয়। ওই শুনানির পর আসামির তালিকা থেকে প্রাইম ব্যাংকের ৫ কর্মকর্তার নাম বাদ পড়ে যায়। পরে ১১ ব্যাংক কর্মকর্তাসহ ৩৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল হয়।

ডিসিসির ট্রেডসেন্টার: ঢাকা সিটি করপোরেশনের ‘ঢাকা ট্রেড সেন্টারের খালি প্যাসেজ অস্থায়ী ৪৯৩টি দোকান বরাদ্দের নামে দুর্নীতি ও জালিয়াতির ঘটনায় গত ২৪ আগস্ট মামলা করে দুদক। মামলায় ডিসিসির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হক এবং এমপি এইচ.এম. আফজাল হোসেনকে বাদ দিয়ে সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ ৮ জনকে আসামি করা হয়। রহস্যজনক কারণে বারবার পরিবর্তন করা হয় অনুসন্ধান কর্মকর্তা।

দুদকের উপ-পরিচালক লুৎফর রহমান,সৈয়দ ইকবাল হোসেন,আখতার হামিদ ভুইয়া এবং সহকারি পরিচালক মাহবুবুল আলম পর্যায়ক্রমে অভিযোগটির অনুসন্ধান করেন। একাধিক বার অনুসন্ধানী প্রতিবেদন সংশোধন করা হয়। প্রতিবেদনে ডিসিসির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হক এবং ঢাকা ট্রেড সেন্টারের সভাপতি ও কিশোরগঞ্জ-৫ আসনের সরকারদলীয় এমপি এইচ.এম. আফজাল হোসেনের নাম আসামির তালিকায় ছিল। আর সাক্ষ্যি হবার কথা ছিল ডিসিসির সম্পত্তি বিভাগের তৎকালীন চিঠি বিতরণ কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়লের।

মামলায় ঢাকা দক্ষিন সিটিকরপোরেশনের সার্ভেয়ার মোতালেব হোসেন, সম্পত্তি বিভাগের সার্ভেয়ার মোঃ ফারুক হোসেন,মোঃ বাচ্চু মিয়া, কানুনগো মোহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল. সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আসামি হয়।

কিন্তু ডিসিসির কানুনগো মোহাম্মদ আলী,এইচ.এম. আফজাল এমপিসহ বেশ কয়েকজন দুদক আইনের ২২ ধারায় শুনানির আবেদন জানান। ওই শুনানির পর এইচ.এম. আফজাল হোসেন এমপিকে আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়।

টিআইবি নির্বাহী কর্মকর্তা ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদকের এখতিয়ারকে ঢাল হিসেবে ব্যবহারের মাধ্যমে চিহ্নিত দুর্নীতিবাজদের ছেড়ে দেয়া ‘দুরভিসন্ধিমূলক’।

তিনি বলেন,একটি অভিযোগ বাছাই, প্রাথমিক অনুসন্ধান, অনুমোদন, মামলা রুজু, তথ্য-উপাত্ত সংগ্রহ, তদন্ত প্রতিবেদন কমিশন পর্যন্ত আসে। আর কমিশন ‘এখতিয়ার’ বলে চিহ্নিত অভিযুক্তদের অব্যাহতি দিয়ে নানা প্রশ্নের জম্ম দিচ্ছে।

ঢাকা,একে,৭ সেপ্টম্বর,টাইমনিউজবিডি.কম,এসআর