ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের(ডিএসসিসি) গাড়ি চালক মঞ্জুকে হত্যার অভিযোগে প্রকৌশলী (ক্যাস প্রজেক্টের প্রকল্প পরিচালক) সিহাব উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, আজ রোববার সন্ধ্যায় নগরভবন থেকে ডিএসসসির প্রকৌশলী সিহাব উল্লাহকে গ্রেফতার করে পুলিশ। এর আগে নগরভবনে নিখোঁজ গাড়ি চালক মঞ্জুর সন্ধানে পরিবহণ চালকরা দিনভর বিক্ষোভ করেন। তাদের বিক্ষভের মুখে প্রশাসক মো. ইব্রাহিম হোসেন খানের অনুমতি ক্রমে পুলিশ প্রকৌশলী সিহাব উল্লাহকে গ্রেফতার করে শাহবাগ খানায় নিয়ে যায়।

জানা গেছে, প্রকৌশলী সিহাব উল্লাহ তার গাড়ীচালক মঞ্জু (৩২)কে নিয়ে গত ৩০ জুলাই ঈদের পর গ্রামের বাড়ি লক্ষীপুরে বেড়াতে যান। সেখানে পৌছে রাতে গাড়ী চালক মঞ্জু তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছে। মঞ্জু তার স্ত্রীকে জানিয়েছিল (স্যার)প্রকৌশলী সিহাব উল্লাহ এবং তার ভাই মিলে মঞ্জুকে বেদম মারধর করেছে। তারা গাড়ির চাবি চাইলেও সে চাবি দেয়নি। এরপর মঞ্জুর ফোনের সংযোগ কেটে যায়। মঞ্জুর স্ত্রী তার স্বামীর খবর জানার জন্য বার বার প্রকৌশলী সিহাব উল্লাহকে মোবাইলে ফোন দিলে তিনি কথা বলেননি।

এবিষয়ে গত শনিবার মঞ্জুর স্ত্রী স্বামীর খোঁজে প্রকৌশলী সিহাব উল্লাহকে পুনরায় ফোন দিলে তিনি মঞ্জুর স্ত্রীকে মহাখালীতে আসতে বলেন। সঙ্গে তিনি এ বিষয়টি ডিএসসিসির গাড়ি চালক সমিতির নেতাদের জানান।

ফলে আজ গাড়ি চালকরা ঐক্যবদ্ধ গাড়ি চালানো বন্ধ করে দিয়ে নগর ভবনের ১১ তলায় প্রকৌশলী সিহাব উল্লাহকে ঘেরাও করে রাখেন। তারা বিক্ষোভ করতে থাকে এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়।

প্রশাসক ইব্রাহিম হোসেন খানের সাথে কথা বলেন গাড়ি চালক সমিতির নেতারা। কিন্তু বিকেল পর্যন্ত প্রকৌশলী সিহাব উল্লাহ নিখোজ গাড়ী চালক মঞ্জুর কোন প্রকার সন্ধান দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে থানায় মামলা করে প্রশাসন।একই সঙ্গে প্রকৌশলী সিহাব উল্লাহকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এদিকে গাড়ি চালক সমিতির নেতারা ২৪ ঘন্টার মধ্যে মঞ্জুর খোঁজ না দিলে সোমবার থেকে গাড়ি চালানো বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে।

ঢাকা, একে, ৩ জুলাই, টাইমনিউজবিডি.কম