বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়েছে।
গত রোববার বিকালে রেজিস্ট্রি ডাকযোগে এ বিষয়ে আইনি নোটিশ পাঠান রিটকারীর আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের ব্যবস্থা না নেয়া হলে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হবে বলে নোটিশে জানানো হয়।
নোটিশে বিবাদী করা হয় তথ্যমন্ত্রী, তথ্য সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে(বিটিআরসি)।
একলাস উদ্দিন সাংবাদিকদের বলেন, 'ভারতে আমাদের দেশের চ্যানেল সম্প্রচারের অনুমতি দেয় না। কিন্তু আমাদের দেশে তাদের চ্যানেল চলছে। আর এতে সামাজিক অবক্ষয় ঘটেছে। সর্বশেষ তাদের একটি টিভি চ্যানেলের সিরিয়ালের চরিত্রের নামে পোশাক কিনতে না পেরে অনেকে আত্মহত্যা করেছে।
তিনি বলেন, দৈনিক আমাদের সময়ে এ নিয়ে শনিবার ‘পাখি প্রেমে প্রাণ বিসর্জন’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘দেশের ঘরে-ঘরে বাড়ছে ভারতীয় ধারাবাহিক নাটকের জনপ্রিয়তা। এসব সিরিয়াল-প্রীতির কারণে দেশের টেলিভিশন চ্যানেলগুলো ক্রমেই দর্শক হারাচ্ছে, দেশ হারাচ্ছে নিজস্ব সংস্কৃতি। কিশোরী-তরুণীদের ফ্যাশনেও এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। সর্বশেষ, ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের ‘পাখি’র প্রেমে প্রাণ গেল এক যুবক ও মেয়ে শিশুর।’
‘পাখি চরিত্রে রূপদানকারী তরুণীর পোশাকের অনুকরণে এবার ‘পাখি’ নামের একটি পোশাক দেশের ঈদবাজারে জমজমাট ব্যবসা করেছে। ঈদে চড়া মূল্যের এ জামা নতুন স্ত্রীকে কিনে দিতে না পারার ব্যর্থতায় আত্মহত্যা করেছে প্রান্তিক শ্রেণির এক যুবক। ঈদের আগের দিন বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের নন্দতেঘরী গ্রামে শাহীন নামের ওই যুবক আত্মঘাতী হয়।’
‘পাখির মরণকামড় থেকে ছাড় পায়নি দশ বছরের শিশুও। পাখি নামের পোশাক না পেয়ে অভিমানে ঈদের দু’দিন আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নূরজাহান নামে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।’
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





