ব্লগার ওয়াশিকুর রহমান হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে অভিযুক্ত করে অভিযোগপত্র আদালতে দাখিল করেছে ডিবি পুলিশ।

বুধবার বিকেলে ঢাকা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মশিউর রহমান ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় (জিআর) অভিযোগপত্র দাখিল করে।

অভিযুক্তরা হলো— জিকরুল্লাহ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, মাওলানা জুনায়েদ ওরফে তাহের (পলাতক) ও আব্দুল্লাহ মো. আকরাম (পলাতক)। অভিযোগপত্রে ৪০ জনকে সাক্ষী করা হয়েছে।

জানা গেছে, গত ৩০ মার্চ দুপুরে তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় হাসিব আবদুল্লাহ ও সাইফুলের পরিকল্পনা এবং নির্দেশনায় জিকরুল্লাহ, আরিফুল ইসলাম ও জুনায়েদ সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়।

এর মধ্যে জিকরুল্লাহ ও আরিফুল ধরা পড়ে। তারা মাদ্রাসার ছাত্র। আর জুনায়েদ পালিয়ে যায়। পুলিশের তদন্তে জানা যায়, জুনায়েদ রাজধানীর একটি মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জে।

গ্রেফতারের পর জিকরুল্লাহ ও আরিফুল পুলিশকে জানিয়েছিল, মাসুম নামের এক বড় ভাই হত্যার আগের দিন তাদের নিয়ে হাতিরঝিলে বৈঠক করে।

পরে তদন্তে বেরিয়ে আসে, মাসুমের প্রকৃত নাম হাসিব আবদুল্লাহ। জিকরুল্লাহ ও আরিফুল রিমান্ডে ডিবিকে জানিয়েছিল, সাইফুল বেগুনবাড়ীতে ওয়াশিকুরের বাসার পাশে তাদের জন্য ঘর ভাড়া করে দিয়েছিল।

এর আগে যাত্রাবাড়ী এলাকায় তারা ভাড়া বাসায় থাকত। ওয়াশিকুর হত্যার পাঁচ দিন আগেই ধারালো অস্ত্রসহ যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার হয় সাইফুল। পরে ওয়াশিকুর হত্যা মামলায় সাইফুলকে গ্রেফতার দেখানো হয়।

ওয়াশিকুর (২৭) তেজগাঁও কলেজ থেকে লেখাপড়া শেষ করে মতিঝিলে একটি ট্রাভেল এজেন্সিতে শিক্ষানবিশ হিসেবে কাজ করত। একটি ব্লগে ‘বোকা মানব’ নামে কিছুদিন লিখলেও তিনি মূলত ফেসবুকে কয়েকটি নামে লেখা পোস্ট করতেন।

ওয়াশিকুর হত্যার পরের দিন ৩১ মার্চ তার ভগ্নিপতি চারজনকে আসামি করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। পরে মামলার তদন্তভার পায় ডিবি পুলিশ।

এমকে