ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে নামমাত্র মূল্যে ৭ একর জমি বরাদ্দের মামলায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক ৩ চেয়ারম্যানসহ ১০ কর্মকর্তা আজ রোববার দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হচ্ছেন।

দুদক উপ-পরিচালক যতন কুমার রায়ের দফতরে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত পর্যায়ক্রমে তাদেরকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।

দুদক কর্মকর্তা গত ১৪ অক্টোবর তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলবি নোটিশ পাঠান। ওই নোটিশ প্রাপ্ত সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল বারী খান, সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান, সাবেক চেয়ারম্যান আবু সাঈদ,

একই প্রতিষ্ঠানের সিনিয়র সহকারি সচিব বেঞ্জামিন হায়দার, শাহাবুদ্দিন আহমেদ, গৃহায়ন কর্তৃপক্ষের সচিব আমিনুর রহমান, যুগ্ম-সচিব জুবায়ের আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আহমেদ এবং নুরুল ইসলাম।

জানা যায়, এর আগে বেঞ্জামিন হায়দার, খালেকুজ্জামান, সুলতান আহমেদকে তলব করা হলেও তারা দুদকে আসেননি। ফলে তাদের দ্বিতীয়বার তলবি নোটিশ দেয়া হয়।

এদিকে দুদকের মামলায় প্রধান আসামি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির দুদকে হাজির হয়ে সময় নিয়েছেন।

সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এবং বর্তমান নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকেগত ১১ অক্টোবর জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তা। সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস আবার দুদকে আসবেন এবং বিস্তারিত বক্তব্য দেয়ার জন্য সময় নিয়ে যান।

জানা যায়, ২০০৬ সালে চারদলীয় জোট সরকার রাজধানীর পল্লবীতে ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে প্রায় ৭ একর বরাদ্দ দেয়া হয়।

ওই জমির বাজারমূল্য প্রায় ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা । ফলে সরকার ১ হাজার ৫৫২ কোটি ৫০ হাজার ৯০০ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

এ অভিযোগে দুদক গত ৬ মার্চ মাহবাগ থানায় সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী আলমগীর কবির, সাবেক উপপরিচালক ভুমি সম্পদ ব্যবস্থাপক কর্তৃপক্ষ ও বর্তমান সদস্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মো. আজহারুল হক,

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনসুর আলম এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হিসাবরক্ষণ কর্মকর্তা মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে।

একে/ এআর