'ইতালীয় নাগরিক তাভেলা হত্যার খুনিদের গতিপথ দেখার জন্য আজকের এই পরিদর্শন। অর্থাৎ খুনিরা সম্ভাব্য কোন পথগুলো বেছে নিতে পারে সেটা দেখার জন্যই আমরা আজকে ঘটনাস্থলে এসেছিলাম।'
বৃহস্পতিবার গুলশানে ১১ সদস্যের তদন্ত কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশের ডিসি (পূর্ব) মাহবুব আলমসহ দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম একথা বলেন।
এ সময় গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল আহাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, 'ইতালীয়নাগরিক তাভেলা সিজার মামলা গত মঙ্গলবার ডিবিতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার পর আমরা তদন্ত কাজ শুরু করেছি। এর আগেই ঘটনা ঘটার পরেই উর্ধতন কর্মকর্তাসহ আমি কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেছি।'
যুগ্ম-কমিশনার বলেন, 'ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পূর্বের ডিসি মাহবুব আলমকে প্রধান করে এগারো সদস্যের একটি তদন্ত সহায়ক কমিটি ঘঠন করা হয়েছে। তাই ওই কমিটির প্রধানকে সাথে নিয়ে আজকের এই পরিদর্শন।'
তদন্তের ব্যাপারে তিনি বলেন, 'আমরা গরুত্বের সাথে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। তবে এখন পর্যন্ত আমরা তিনটি বিষয়কে সামনে রেখে আগাচ্ছি। সে তিনিটি বিষয় হলো তার কর্মক্ষেত্র সংক্রান্ত কোন ঝামেলা ছিলো কিনা, তার ব্যক্তিগত যেকোন কোন্দোল ছিলো কিনা এবং আইএস জঙ্গিগোষ্ঠির বিবৃতির বিষয়ে।'
হত্যাকাণ্ডের সুনির্দ্দিষ্ট কারণ খুজেঁ পাওয়ার ব্যাপারে গণমাধ্যমকে মনিরুল ইসলাম বলেন, 'এখন পর্যন্ত আমরা এই হত্যাকাণ্ডের কোন সুনির্দ্দিষ্ট কারণ খুজেঁ পাইনি।এই মূহূর্তে আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো তাবেলা হত্যাকাণ্ডের সাথে কারা সরাসরি জড়িত তাদেরকে ধরে আইনের আওতায় আনা।আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।সর্বাধিক গুরুত্বের সাথে তদন্ত কাজ চলছে।'
তিনি বলেন, 'আমরা দু'দিক থেকেই তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।হত্যাকারি খুঁজে পেলে হত্যার উদ্দেশ্য বা মোটিভ পাওয়া যাবে। মোটিভ পাওয়া গেলে সম্ভাব্য হত্যাকারিকে খুঁজে পাওয়া যাবে। সেই কারেণেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
যুগ্ম-কমিশনার বলেন, আপনারা জানেন যে এই মামলাটি সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আমাদের বেশ কয়েকটি গোয়েন্দা টিম কাজ করছে। এছাড়া অন্যান্য গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন এজেন্সিও কাজ করছে।
তিনি বলেন, 'একটি ওয়েবসাইটে আইএসের বরাত দিয়ে হত্যার দায় স্বীকার সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়েছে।যদিও এর সত্যতা নিশ্চিত করতে পারেনি আইএস এই দাবি করেছে।তবে কোনো জঙ্গি সংগঠন এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছি।'
তিনি বলেন, 'সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো তৃতীয় শক্তি বা পক্ষ এ হত্যাকাণ্ডটি ঘটাতে পারে।আমরা সে বিষয়টিও সামনে রেখে তদন্ত কাজ করছি।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'পেশাদার খুনিদের দিয়ে এ ধরণের হত্যাকাণ্ড ঘটানো সম্ভব।এর আগের বিভিন্ন হত্যাকাণ্ডে আমরা দেখেছি, সেখানে পেশাদার খুনিরা এ ধরণের হত্যাকাণ্ড ঘটিয়েছে।'
তিনি বলেন, 'ইতোমধ্যে হত্যার বিষয়ে কিছু তথ্য আমরা পেয়েছি।তদন্ত স্বার্থে সেগুলো প্রকাশ করা যাবে না।'
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৭টায় গুলশান- ২ এর ৯০ নম্বর সড়কে হাঁটার সময় তিন মোটরসাইকেল আরোহী ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার লাশ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এমআর/কেএইচ





