বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রওশন আরা নামে এক রোগীর মারা যাওয়ার ঘটনায় তার পরিবারকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
ওই রোগীর একটি ক্ষতিগ্রস্ত কিডনি কেটে বাদ দিতে গিয়ে চিকিৎসকরা দুটি কিডনিই কেটে ফেলার পর মারা যাওয়ায় এ রুল জারি করা হয়। একইসঙ্গে অপারেশনকারী দুই চিকিৎসকের চাকরিচূত কেন করা হবে না ও তাদের সনদ কেন বাতিল করা হবে না,রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ নভেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো: আশরাফুযল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম. আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী মো: আনিসুল হাসান ও মো: শাহীনুজ্জামান।
স্বাস্থ্য সচিব,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ আটজনকে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত মাসে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। মানবাধিকার বিষয়ক সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।
জানা যায়, রওশন আরার একটি ক্ষতিগ্রস্ত কিডনি কেটে বাদ দিতে গিয়ে চিকিৎসকরা দুটি কিডনিই কেটে ফেলেন। রওশন আরার ছেলে ও চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের অভিযোগ, তার মায়ের একটি কিডনিতে ইনফেকশন ধরা পড়লেও চিকিৎসকরা দুটি কিডনিই কেটে ফেলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগে এমন ঘটনা ঘটেছে। পরে রওশন আরা মারা যান।
এসএম





