অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক ও তার ছেলে জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদক কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ পরিচালক মির্জা জাহিদুল আলম। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।
এদিকে রুহুর হক সাংবাদিকদের বলেন, তার কোনো অবৈধ সম্পদ নেই। তিনি বলেন, ২০১৪ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামা পূরণের ক্ষেত্রে অসাবধানতা বশত ও অনিচ্ছাকৃতভাবে ৩০ জুন ২০১৩ তারিখে আমার স্ত্রীর ব্যাংক স্থিতি ৪৫ লাখ ১৭ হাজার ৯৯২টাকার স্থলে ৭ কোটি ৫৩ লাখ ১১ হাজার ২৪০টাকা উল্লেখ্য করেছি।
জেলা রিটার্নিং অফিসারের কাছে ভুল সংশোধনের জন্য জমা দিয়ে ছিলাম। পরবর্তিতে এফিডেভিটের মাধ্যমে সংশোধন করেছি। তা নির্বাচন কমিশন গ্রহণ করেছে। অসাবধানতা ও অনিচ্ছাকৃত ভুলের কারণে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, চিকিৎসক সমাজের নিকট তিনি দু:খ প্রকাশ করেন।
এত বড় ভুল কিভাবে হলো সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ বিষয়টি এড়িয়ে যান। তার সময়ে স্বাস্থ্যখাতে নিয়োগ বাণিজ্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করলে তিনি কোন উত্তর না দিয়ে চলে যান।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি দুদক কার্যালয় থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে ২৪ ফেব্রুয়ারি তলব করে নোটিশ পাঠানো হয়। দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম এ নোটিশ পাঠিয়েছিলেন।
অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গত ৫ বছরে তার ব্যাংক ব্যালেন্স বেড়েছে ১০ গুণ। পাঁচ বছর আগে রুহুল হক এবং তার স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকা ছিল ৯২ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। এখন তাদের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ ১০ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৭৬৩ টাকা।
২০০৮ সালে স্ত্রী ইলা হকের নামে ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র চার লাখ ৬৪ হাজার ৩০ টাকা। এখন ৭ কোটি ৫৩ লাখ ১১ হাজার ২৪০ টাকা। এ ক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ১৬৫ গুণ। অন্যদিকে রুহুল হকের ব্যাংক ব্যালেন্স ২০০৮ সালে ছিল প্রায় ৮৮ লাখ টাকা। এখন তা বেড়ে হয়েছে প্রায় দুই কোটি ৬৩ লাখ টাকা।
নির্বাচন কমিশনে হলফনামা অনুসারে, সামগ্রিকভাবে ২০০৮ সালের তুলনায় তার অস্থাবর সম্পদ ৪ গুণ বেড়েছে। ২০০৮ সালে তিনি এবং তার স্ত্রীর মোট অস্থাবর সম্পদের পরিমাণ ছিল চার কোটি টাকার কিছু বেশি। ২০১৩ সালে সম্পদের পরিমাণ ১৬ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
এর মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হিসাবে রাখা আছে। এককভাবে তার স্ত্রী ইলা হকের সম্পদের পরিমাণ বেড়ে গেছে ৮ গুণ। আগে তার নামে অস্থাবর সম্পত্তি ছিল মোট ৯৫ লাখ টাকা মূল্যের। এখন তা আট কোটি ৩৯ লাখ ছাড়িয়েছে।
ঢাকা, একে, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





