ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগ ছড়ানো বন্ধে এডিস মশা নির্মূল ও ধ্বংসে অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ (১৪ জুলাই) রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র, দুই প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্যসচিব, এলজিআরডি সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম, সহকারী অ্যাটর্নি জেনারেল জায়েদী হাসান খান ও সায়েরা ফাইরুজ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম সাংবাদিকদের বলেন, “ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও এডিস মশা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন আদালতের নজরে আনার পর আদালত রাজধানীতে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগ ছড়ানো বন্ধে এডিস মশা নির্মূল ও ধ্বংসে অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।”
তিনি বলেন, “এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোদে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, আগামী ২২ জুলাইয়ের মধ্যে দুই সিটি করপোরেশনসহ সরকারের সংশ্লিষ্টদের জানাতে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে পদক্ষেপের বিষয়ে জানাতে বলা হয়েছে।”
এমবি





