ক্যান্সারের এক রোগীকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলার অভিযোগ এনে রাজধানীর মিরপুরের ডেল্টা হাসপাতাল লিমিটেডের পরিচালক ও তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম জিয়াউর ইসলামের আদালতে রুহুল আমিন নামের এক আইনজীবী মামলাটি দায়ের করেন।
মামলার আসামি তিন চিকিৎসক হলেন ডা. রেফাত হোসেন, ডা. লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম সরোয়ার আলম ও ডা. সম্পা। মামলার আরজিতে ডেল্টা হাসপাতালের পরিচালকের নাম উল্লেখ করা হয়নি।
বাদীর জবানবন্দি শেষে বিচারক মামলাটি তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন এবং আগামী ১০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। মামলার বাদী অ্যাডভোকেট রুহুল আমিন বিষয়টি জানিয়েছেন।
নথি থেকে জানা যায়, আইনজীবী রুহুল আমিনের বোন সুমি আক্তার ওরিয়ন গ্রুপের একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তিনি ক্যান্সারের রোগী। কিছু দিন আগে ভারত থেকে চিকিৎসা করিয়েছেন।
এরপর দেশে এলে গত ৫ নভেম্বর আবারও অসুস্থ হয়ে পড়েন। দিবাগত রাত ২টার দিকে তাঁকে মিরপুর ১ নম্বর সেকশনের ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়।
ওই দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আসামিরা সুমি আক্তারকে ১৮টি ইনজেকশন দেন। এতে সুমি আক্তারের মৃত্যু হয়।
এ ঘটনায় আজ দণ্ডবিধির ৩০৪ ধারায় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।
এমএ





