আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বিএনপি নেতাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা করাতে বললেন।

তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এটা দেখে বেগম খালেদা জিয়া মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাই বিএনপি নেতাদের বলবো, আপনাদের নেত্রীর চিকিৎসা করান। আওয়ামী লীগ সুস্থ খালেদা জিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী বিরোধী দল প্রত্যাশা করে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর-১২ নম্বর গোল চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগ যৌথভাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ইলিয়াস হোসেন মোল্লা এমপির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল ইসলাম খান নিখিল, মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

হানিফ বলেন, সোমবার মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, মিথ্যাচারমূলক বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছেন। তার যে বিদ্যার দৌড় তাতে এমন মন্তব্য তিনিই করতে পারেন।

তিনি বলেন, খালেদা জিয়া এমন বক্তব্য দিয়ে মূলত রাজাকার ও পাকিস্তানিদের প্রতিষ্ঠিত করতে চাইছেন। পাকিস্তানের এজেন্ট হিসেবে বেগম খালেদা জিয়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস বিকৃত করছেন। ‘পদ্মা সেতু বাস্তবায়ন স্বপ্ন’- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, বিএনপি নেত্রীর এমন বক্তব্য প্রমাণ করে তিনি সরকার উৎখাতের চক্রান্ত করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চান।

আমরা স্পষ্ট বলতে চাই, খালেদা জিয়ার এমন দুঃস্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না।

এমএইচ