মন্ত্রী হয়েও কোম্পানির মালিক হওয়ার কারণে তিন মন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পদত্যাগ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
রোববার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সচিবালয়ের ঠিকানায় জেড আই খান পান্নার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক এই নোটিশ পাঠান।
সংবিধান লঙ্ঘনের দায়ে ১৫ নভেম্বরের মধ্যে এ তিন মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে এ নোটিশে।। অন্যথায় হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে একই ধরনের লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
গত ৩১ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত "মন্ত্রী হয়েও তারা কোম্পানির পরিচালক"শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চার মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নোটিশ পাঠানো হয়।
এতে উল্লিখিত চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিভিন্ন লাভজনক কোম্পানির পরিচালনার সঙ্গে যুক্ত থাকার বিষয় তুলে ধরা হয়েছিল। নোটিশে প্রথম আলোর ওই প্রতিবেদনের বিষয়েও উল্লেখ করা হয়েছে।
ইআর





