পটুয়াখালী-৪ আসনের এমপি (সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী) মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যায়।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
মাহবুবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, তিনি মোট ৫ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন। মালিকানা অর্জনের উদ্দেশ্যে তিনি ওই সম্পত্তির রেজিস্ট্রি বায়নানামা সম্পাদন করেছেন।
এ ছাড়া ১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি মিথ্যা তথ্য প্রদান করেছেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা (মামলা নং-৩৬) করে দুদক।
এসএইচ





