শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা ও বাড়ি ভাঙচুরের মামলায় গ্রেফতার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মো. মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদনের শুনানি ২৫ অক্টোবর।
জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জামিন আবেদন করা হয়। পরে আদালতের বিচারক মো. ময়নুল হাসান ইউছুফ ২৫ অক্টোবর জামিন আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেন।
এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু জানান, শিশুকে হত্যাচেষ্টা ও বাড়ি ভাঙচুরের দুটি মামলায় এমপি লিটনের জামিনের আবেদন আদালতে দাখিল করা হয়। আদালতের বিচারক ২৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন।
১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে লিটনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাইক্রোযোগে পরদিন সকাল সাড়ে ৬টার দিকে তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
পরে তাকে গাইবান্ধা জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতে হাজির করা হলে বিচারক মো. ময়নুল হাসান ইউছুফ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় ২ অক্টোবর ভোরে এমপি লিটনের লাইসেন্স করা পিস্তুলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। শিশুটি এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এ ছাড়া এমপি লিটনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৬ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় আরও একটি মামলা করেন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের হাফিজার রহমান।
এমকে





