৬ সচিব ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্তিতে সহযোগিতা করায় মুন্সিগঞ্জ জেলার ৪ মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুপুর ১২ টা  থেকে বিকাল  ৫ টা পর্যন্ত  দুদকের প্রধান কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন উপ পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা  মো. জুলফিকার আলী।
এই ৪ মুক্তিযোদ্ধা হলেন-বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা আহবায়ক (কমান্ডার) মাহবুব উল আলম বাহার ,লৌহজং থানার মেদিনীমন্ডল ইউনিয়ন কমান্ডার মো. আলী আকবর, লৌহজং থানার যশলদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন ও মুক্তিযোদ্ধা  গাজী মনিরুজ্জামান।
ভুয়া মুক্তিযোদ্ধা নেয়া ৬ সচিব হলেন- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার শওকত  হোসেন, বিনিয়োগ বোর্ডেও চেয়ারম্যান ও সাবেক সচিব  মোল্লা ওয়াহেদুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব  কেএইচ মাসুদ সিদ্দিকী, যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার, স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এককেএম আমির  হোসেন।
দুদক সূত্র জানা যায়, মুক্তিযোদ্ধা সংসদ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ৮ জন এবং মেহেরপুর জেলার সদর থনার মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম খানসহ ৯ জনকে তলব করা হয়।
জানা যায়, ৬ সচিবের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেয়ার অভিযোগ অনুসন্ধানের জন্য মুন্সিগঞ্জ জেলার  স্থানীয় ওই মুক্তিযোদ্ধাদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক। কারণ এই মুক্তিযোদ্ধারা সচিবদের মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্তির বিষয়ে সহযোগিতা করেন। আর ওই ৬ সচিব ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে চাকুরির  মেয়াদ বাড়ানোর  চেষ্টা করেন।
[b]ঢাকা, একে, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]