হ্যাকার আবদুল্লাহ আল ফাহাদকে (২১) রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।

সোমবার শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আমিনুল হক। ফাহাদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী বেলাল হোসেন। জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট মবিনুল ইসলাম।

এর আগে ৩১ অক্টোবর দুই দিনের রিমান্ড শেষে ফাহাদকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা।ঢাকা মহানগর হাকিম আদালত ইউনুস খান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২৮ অক্টোবর ফাহাদকে সাত দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে আবদুল্লাহ আল ফাহাদ । ই-মেইলের মাধ্যমে চাঁদা দাবি করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্যাকিংয়ের মাধ্যমে চাঁদাবাজির কথা স্বীকার করেন ফাহাদ।

২৭ অক্টোবর বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরা থেকে আবদুল্লাহ আল ফাহাদকে আটক করে র‌্যাব-৪। পরে তাকে ভাটারা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এমআর