সাতক্ষীরা-২ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির নেতা প্রকৌশলী এম.এ. জব্বার এবং তার ছেলে মো. মাহবুব হোসেনের  বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পৃথক ২ মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের সহকারি পরিচালক মো. মাসুদুর রহমান বাদি হয়ে রাজধানীর রমনা মডেল থানায়  ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ও ২৭ (১) ধারায় মামলা নং-২০ ও ২১ দায়ের করেন।

গত ২ অক্টোবর কমিশনের এক সভায় সাবেক এমপি এমএ জব্বার এবং তার ছেলের মো. মাহবুব হোসেনের  বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পৃথক ২  টি মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়।

দুদকের ২০ নম্বর মামলার আসামি এম.এ. জব্বারের বিরুদ্ধে ১ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪৯০ টাকার জ্ঞাত বহির্ভুত অর্থাৎ অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগ উল্লেখ করা হয়।

গত ৭ এপ্রিল আসামি  এম এ জব্বার দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ৪ কোটি ৯৯ লাখ  ৫ হাজার ৪৮৮ টাকার সম্পদ উল্লেখ করেন। কিন্তু দুদক অনুসন্ধাকরে তার  বিরুদ্ধে আরো ১ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪৯০ টাকার সম্পদের তথ্য পেয়েছে।

 এদিকে এমএ  জব্বারের  ছেলে মো. মাহবুব হোসেনের বিরুদ্ধে  সাড়ে ১৯ লাখ টাকার জ্ঞাত আয় বহিভুত অর্থাৎ অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদক মামলা নং-২১ দায়ের করে।

গত ৭ এপ্রিল তিনি দুদকে  মোট ১৮ লাখ সাড়ে ৭৪ হাজার টাকার সম্পদের বিবরণী দাখিল করেন। কিন্তু দুদক অনুসন্ধাকরে তার বিরুদ্ধে সাড়ে ১৯ লাখ টাকার জ্ঞাত আয় বহিভুত অর্থাৎ অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের তথ্য পেয়েছে।

 

একে/ইআর