বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল রোববার আদালতে যাচ্ছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তিনি আদালতে যাবেন।

রোববার খালেদা জিয়ার আদালতে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

শনিবার সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার আদালতে আসবেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তিনি আদালতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। তবে রোববার কখন তিনি আদালতের উদ্দেশ্যে রওনা হবেন, তা এখনো ঠিক হয়নি।

এদিকে খালেদা জিয়া রোববার আদালতে যাচ্ছেন কি-না, সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়া আদালতে যাওয়ার সম্ভাবনা আছে।

এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আদালতে যেতে চান। পর্যাপ্ত নিরাপত্তা পেলে আগামী রোববার তিনি আদালতে যাবেন। তবে সরকারের দায়িত্ব তাকে নিরাপত্তা দেওয়া।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে বকশীবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে আগামী রোববার। বিচারক আবু আহমেদ জমাদার গত ২৫ ফেব্রুয়ারি পৃথক দুটি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রোববার গ্রেফতারি পরোয়ানা নিয়েও শুনানি হওয়ার কথা রয়েছে।

কেএইচ