গ্রেফতার কারাবন্দি ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে আনা-নেওয়ার সময় তাকে যথাযথ নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ (১৯ নভেম্বর) সোমবার এই সংক্রান্ত দু’টি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ব্যারিস্টার মইনুল হোসেনকে যথাযথ নিরাপত্তা দিতে রংপুরের পুলিশ কমিশনার, কারারক্ষী ও জেল সুপারকে এই নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজির মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে একটি বোর্ড গঠন করে মইনুল হোসেনের চিকিৎসার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ারও দিয়েছেন আদালত।   

আদালতে রিটের পক্ষে শুনানি করেন- সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন- অ্যাডভোকেট মো. মাসুদ রানা।

রাষ্ট্রপক্ষে ছিলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এরআগে,  গত ৬ নভেম্বর ব্যারিস্টার মইনুল হোসেনের নিরাপত্তার ও চিকিৎসা বিষয়ে নির্দেশনা চেয়ে তার স্ত্রী সাজু হোসেন দু’টি রিট দায়ের করেন। এরপর রিট দু’টি সোমবার (১৯ নভেম্বর) কার্যতালিকায় এলে শুনানি নিয়ে আদালত আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোয় ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টির উদ্দেশে 'চরিত্রহীন' মন্তব্য করেন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি।

এমবি