গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে ১৫ অক্টোবর অভিযোগ গঠন করা হবে।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন বুধবার এ দিন ধার্য করেন।

অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ২ মার্চ বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল। মিছিলে যাওয়ার পথে বেইলি রোডের সোনালী ব্যাংক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মী মানুষ ও পুলিশ হত্যার উদ্দেশে অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল, লাঠিসোঠা, লোহার রড নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাশ গত ৪ আগস্ট মির্জা ফখরুলসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেন।

অভিযোগপত্রে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিব-উন নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলুসহ ৪১ জনের নাম রয়েছে।

ঢাকা,২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ