কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে আবারও আবেদন করেছেন তার আইনজীবীরা। জামিন আবেদনে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আইনজীবী সগীর হোসেন লিয়ন এই আবেদন করেন।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।
সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী সগীর হোসেন লিয়ন।
জামিন আবেদনে ৫টি যুক্তি দেখানো হয়েছে। এগুলো হলো- খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার উন্নত চিকিৎসা প্রয়োজন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হচ্ছে না, তাই জামিন পেলে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন।
এর আগে ২০১৯ সালের ৩১ জুলাই চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। পরে ওই বছরের ১৪ নভেম্বর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
পরে ওই বছরের ১২ ডিসেম্বর এ মামলায় তার জামিন আবেদন পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ। তবে আবেদনকারী (খালেদা জিয়া) যদি সম্মতি দেন তাহলে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী তার অ্যাডভান্স ট্রিটমেন্টের পদক্ষেপ নিতে বলা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ০৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। রায়ের পর ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করছেন। পরে ওই বছরের ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট।
শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালের ০১ এপ্রিল থেকে কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়া।
এমবি





