ডেসটিনি-২০০০ লিমিটেডের শীর্ষ ৮ কর্মকর্তার সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত ওই নোটিশে ৭ কার্যদিবসের মধ্যে যাবতীয় সম্পদের হিসাব বিবরণী দুদক সচিবের দাখিলের করতে বলা হয়েছে।
নোটিশ প্রাপ্তরা হলেন, ডেসটিনি-২০০০ লিমিটেডের পরিচালক ও সাবেক ডিএমসিএসএল’র সহ-সভাপতি মোহাম্মদ গোফরানুল হক, সাবেক পরিচালক ও ডেসটিনি বিল্ডার্সের পরিচালক ইঞ্জিনিয়ার শেখ তৈয়বুর রহমান, সাবেক পরিচালক ও ডেসটিনি বিল্ডার্সের পরিচালক ইঞ্জিনিয়ার নেপাল চন্দ্র বিশ্বাস,পরিচালক ইরফান আহমেদ সানী, মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সৈয়দ সাজ্জাদ হোসেন,মোহাম্মদ সাঈদ-উর-রহমান ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মো. আকবর হোসেন সুমন।
জানা যায়, অবৈধ সম্পদ অর্জনে অভিযুক্তরা সকলেই দুদকের মামলার আসামি। অভিযুক্ত কর্মকর্তাদের স্ত্রী এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবদের স্বনামে- বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়- দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী ৭ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৪ সালের ৫নং আইনের ধারা ২৬ এর উপ-ধারা (১) ক্ষমতাবলে এ আদেশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে ওই আইনের ২৬ এর উপ-ধারা (২) অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা নোটিশে বলা হয়েছে।
এদিকে ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ ৩৮২ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে কলাবাগান থানায় ২ মামলা কওে দুদক।এ মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ ও ডেসটিনির এমডি রফিকুল আমীনসহ শীর্ষ ৫১ কর্মকর্তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে দুদক।
ঢাকা, একে, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসআর





