আচরণ বিধি লঙ্ঘনের দায়ে বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজকে কেন সংসদ সদস্য হিসেবে অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, বরিশাল জেলার রিটার্নিং অফিসার ও সংসদ সদস্য জেবুন্নেছাসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে আদেশ দেয়া হয়েছে।

বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে বিএনএফ’র প্রার্থী সাইফুল ইসলাম লিটন গত ৮ জুন হাইকোর্টে এ রিট দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার কাজল।

রিটের পর প্রাথমিকভাবে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খোরশেদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি করতে বিব্রতবোধ করেন।

এরপর প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ হিসেবে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এই বেঞ্চও শুনানি করতে বিব্রতবোধ করেন। এরপর প্রধান বিচারপতি শুনানি করতে নতুন বেঞ্চ ঠিক করে দেন।

ঢাকা, কেএ, ৭ জুলাই(টাইমনিউজবিডি.কম) // জেএ