ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য একটি পর্ষদ গঠন করে দেবে হাইকোর্ট। আগামী বুধবার এই বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন।

পরিচালনা পর্ষদে একজন সাবেক বিচারপতি, একজন সচিব, একজন চাটার্ড অ্যাকাউন্টেড ও একজন আইনজীবী থাকবেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ইভ্যালি অবসায়ন চেয়ে করা এক রিটের শুনানি শেষে বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এদিন এক গ্রাহকের পক্ষে আদালতের শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। আর বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার ও প্রতিযোগিতা কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তাপস কুমার বল।

সাংবাদিকদের তিনি জানান, ইভ্যালির অবসায়ন চেয়ে করা আবেদনের শুনানি ছিল আজ। শুনানি শেষে আদালত বলেছে, এ বিষয়ে একটি বোর্ড গঠন করে দেয়া হবে।

এর আগে গতকাল ১১ অক্টোবর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির যাবতীয় নথি হাইকোর্টে দাখিল করেছে জয়েন্ট স্টক কোম্পানিজ। তবে সবশেষ অডিট রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও ২০১৯ সাল পর্যন্ত অডিট রিপোর্ট হাইকোর্টে দাখিল করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ই- কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথি তলব করেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

এমবি