হাইকোর্ট বিভাগের অস্থায়ী বিচারপতি এবিএম আলতাফ হোসেনকে কেন স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের লিগ্যাল (আইনি) নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। 

রোবার সকালে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান জনস্বার্থে এ নোটিশ পাঠান।

রাষ্ট্রপতির দফতরের সচিব,প্রধানমন্ত্রীর মুখ্য সচিব,আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ে নোটিশের জবাব পাওয়া না গেলে রিট আবেদন করা হবে বলে জানান আইনজীবী ইদ্রিসুর রহমান।

তিনি আরও জানান,গত ৯ জুন হাইকোর্ট বিভাগের ৫ জন অস্থায়ী বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। কিন্তু বিচারপতি আলতাফ হোসেনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি। প্রধান বিচারপতির সুপারিশ থাকার পরও কেন তাকে নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে নোটিশটি পাঠানো হয়েছে।

নিয়োগ প্রাপ্ত বিচারপতিরা হলেন- বিচারপতি আশিষ রঞ্জন দাস, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মো. বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দ।

প্রজ্ঞাপনে বলা হয়,বাংলাদেশের সংবিধানের ৯৫ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৫ জন অতিরিক্ত বিচারপতিকে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি নিয়োগ করেছেন।

উল্লেখ্য,২০১২ সালের ১৪ জুন তাদের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ঢাকা,কেএ, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এএইচ