গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের জামিন নামঞ্জুর করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ১৮ অক্টোবরের মধ্যে তাকে গাইবান্ধার নিম্ন আদালতে আত্মসমর্পণের এ নির্দেশ দেওয়া হয়েছে।

জামিনের জন্য সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে হাইকোর্টে হাজির হন সাংসদ লিটন। শুনানি শেষে আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের এ নির্দেশ দেন।

এর আগে সাংসদ লিটনকে দুপুর ১টায় জামিন শুনানির সময় আদালতে হাজির করার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার সকালে লিটনের আইনজীবীকে এ নির্দেশ দেন।

আদালতে লিটনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোরশেদুল ইসলাম।

এর আগে গতকাল রোববার সুন্দরগঞ্জে এক শিশুর পায়ে গুলি করার অভিযোগ নিয়ে ‘আত্মগোপনে থাকা গাইবান্ধার সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে গত ২ অক্টোবর সৌরভ (৯) নামের একটি শিশু আহত হয় বলে অভিযোগ উঠেছে।

ওই ঘটনায় মামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন লিটন। আহত শিশুর বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন।

এমকে