বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী বছরের ৭ জুন পুনর্নির্ধারণ করেছেন আদালত। মঙ্গল বার সকালে অভিযোগ গঠনে শুনানির সময় পেছাতে খালেদা জিয়ার আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম এ তারিখ ধার্য করেন।
এ নিয়ে এ মামলায় অভিযোগ গঠনের শুনানি তৃতীয়বারের মতো পেছাল।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ। তাঁর জ্বর। তাই আমরা অভিযোগ গঠনের জন্য সময় চেয়ে আবেদন করেছি। আদালত সে আবেদন মঞ্জুর করেছেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।
পরে নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ও নিম্ন আদালতে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই বিচারিক আদালতে মামলার কার্যক্রম স্থগিত করার পাশাপাশি রুল দেন হাইকোর্ট। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম স্থগিত ছিল।
গত বছরের শুরুতে মামলাটির কার্যক্রম আবার চালু করার উদ্যোগ নেয় দুদক। ১৯ এপ্রিল রুল শুনানি শুরু হয়, ২৮ মে শেষ হয়। ১৮ জুন রুল খারিজ করেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। এরই ধারাবাহিকতায় তিনি ৩১ ডিসেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
এইচ ই





