জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন আগামী ২১ মে পুনর্নির্ধারণ করেছেন আদালত। সোমবার মামলা দু’টির প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সময়ের আবেদন করলে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে এ দিন নির্ধারণ করেন ঢাকার তৃতীয় ও বিশেষ জজ আদালত।
সোমবার মামলা দু’টির সাক্ষ্যগ্রহণ শুরুর দিন নির্ধারিত ছিল। সাক্ষ্য দিতে আদালতে হাজির হন প্রথম সাক্ষী ও মামলা দু’টির বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ। তবে বিচারিক আদালতের অভিযোগ (চার্জ) গঠনের আদেশ বাতিল চেয়ে মামলার প্রধান আসামি খালেদা জিয়ার রিভিশন আবেদন আদেশের জন্য অপেক্ষমাণ থাকায় তিনি সময়ের আবেদন জানান।
খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়াসহ তার অর্ধশতাধিক আইনজীবী।
আবেদনে বলা হয়, বিচারিক আদালতে মামলা দু’টির অভিযোগ (চার্জ) গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রিভিশন আবেদন করেছেন হাইকোর্টে। এ আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী বুধবার আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। ওই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ শুরু না করতে সময়ের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবীরা।
এ আবেদন মঞ্জুর করে মামলা দু’টির সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ২১ মে পুনর্নির্ধারণ করেন আদালতের বিচারক বাসুদেব রায়।
উল্লেখ্য, দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। চার্জ গঠন করা হয় খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মামলা দু’টির অপর ৮ আসামির বিরুদ্ধেও।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা দায়ের করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ।
মামলার অভিযোগ বলা হয়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
মামলার অপর আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
অপরাধ
খালেদার বিরুদ্ধে দুর্নীতির ২ মামলায় সাক্ষ্যগ্রহণ ২১ মে
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন আগামী ২১ মে পুনর্নির্ধারণ করেছেন আদালত। সোমবার মামলা দু’টির প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সময়ের আবেদন করলে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে এ দিন নির্ধারণ করেন





