শিশুগৃহকর্মীকে নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের স্ত্রী জেসমিন জাহান নিত্য ওরফে নিত্য শাহাদাতের জামিন নামঞ্জুর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

বুধবার এ মামলার আইনজীবী কাজী নজিব উল্লাহ হিরু আদালতে নিত্যর পক্ষে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এ আদেশ দেন।

এ মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব গত ৫ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করার পর তিন দিনের রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আটক আছেন।

গত ৪ অক্টোবর নিত্যকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার পরিদর্শক শফিকুর রহমান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউনুস খান রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।

গত ৩ অক্টোবর রাত সাড়ে ৩টায় মালিবাগের পাবনা গলিতে তার বাবার বাড়ি থেকে নিত্যকে গ্রেফতার করে পুলিশ।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন।

মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।

ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর হাতে নির্যাতিত শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। হ্যাপি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এমকে