রাষ্ট্রপতির দফতরের ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো  হয়েছে। চাকরির বয়স ২৫ বছর পূর্ণ দেখিয়ে তাদেরকে এ অবসর দেয়া হয়।
এই নতুন পদক্ষেপের শিকার হয়েছেন, দুদকের  কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আহসান আলী ও পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক  মো. শফিকুল ইসলাম।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত পৃথক দু'টি প্রজ্ঞাপনের মাধ্যমে দুদকের ওই ২ উপ-পরিচালকের অবসর সংক্রান্ত  আদেশ জারি করা হয়।
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের  ০৩/২০১৪ নম্বর সভায় দুদকের ২ উপ-পরিচালকের চাকরিকাল (বয়স) ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের বাধ্যতামূলক অবসর প্রদানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তারা বিধি  মোতাবেক অবসরজনিত সকল সুবিধা পাবেন।
এ বিষয় নিয়ে দুদকের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম না প্রকাশের শর্তে একাধিক কর্মকর্তা বলেন, এই সিস্টেমে এবার অনেকেই এমন পরিস্থিতির শিকার হবেন।
এদিকে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান টাইমনিউজবিডিকে বলেন, তাদেরকে বাধ্যতামূলক অবসর দেয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। কমিশন ওই গেজেটের কপি হাতে  পেয়েছে। এখন থেকেই তা কার্যকর হবে।
দুদক সূত্র মতে, বাধ্যতামূলক অবসরে যাওয়া দুদকের ওই ২ কর্মকর্তার বিরুদ্ধে অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। তাদের বিষয় নিয়ে দুদকে একাধিকবার বৈঠকও হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। পরে ২ জনকে ঢাকা কেন্দ্রিয় কার্যালয় থেকে দুদকের কুষ্টিয়া সমন্বিত  জেলা কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে মো. আহসান আলীকে এবং পটুয়াখালী সমন্বিত  জেলা কার্যালয়ের উপ-পরিচালক করে মো. শফিকুল ইসলামকে বদলি করা হয়।
আরও জানা যায়, দুদকের মহাপরিচালক (প্রশাসন) মো. শহিদুজ্জামানের বিরুদ্ধে উপ-পরিচালক মো. আহসান আলী মিডিয়াসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করেছিলেন। বিভিন্ন মিডিয়ায় এ তথ্য প্রকাশ করা হয়। যাতে করে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে কমিশন মনে করে। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হলো।
[b]ঢাকা, একে, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]