বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় দুদকের সাক্ষীকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা।
বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত (অস্থায়ী এজলাস) ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে দুদকের ১৮তম সাক্ষী সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রাক্তন জেনারেল ম্যানেজার মেজবাউল হকের জেরা চলছে।
খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবা ও তাহেরুল ইসলাম তৌহিদ হাজিরা দেন।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে সাক্ষ্য নেওয়া হয়েছে তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে বলে অপর একটি আবেদন দাখিল করেন তার আইনজীবীরা।
২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় শাখার তৎকালীন ব্যবস্থাপক মাসউদুল হকের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর আগে সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখার কেশিয়ার ওয়ালিদ আহমেদ, শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার সিনিয়র অফিসার মামুন উজ জামান, মেট্রোমেকার্স অ্যান্ড ডেভলপমেন্ট লিমিটেডের প্রাক্তন সিনিয়র অফিসার সাইফুল ইসলাম এবং দুদকের সহকারী-পরিচালক চৌধুরী এম এন আলমকে জেরা করেন আসামির আইনজীবীরা।
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। আর ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক।
এআই





