শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মানকে জেল হাজতে পাঠিয়েছে মহানগর হাকিমের আদালত।

বৃহস্পতিবার মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলামের আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আসামিরপক্ষে কোনো আবেদন বা আর্জি না থাকায় এ আদেশ দেওয়া হয়।

তার বিরুদ্ধে শাহজালাল ইসলামী ব্যাংকের এ পরিচালক ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘তার বিষয়ে এ আদালতে কোনো মামলা না থাকায় তার পক্ষে কোনো আবেদন বা আর্জি জানানো হয়নি। চট্টগ্রাম কর্তৃপক্ষই তার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

প্রসঙ্গত, চলতি বছরের ১৩ এপ্রিল চট্টগ্রামের কোতোয়ালি থানায় শাহজালাল ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা করে। মামলাটি পরে দুদকের সিডিউলভুক্ত হয়। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকের নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ার থেকে সোলায়মানকে গ্রেফতার করা হয়।

ঢাকা, ২৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস