বাজারে নিত্যপণ্যের মূল্য তালিকা না টাঙানো এবং কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগে রাজধানীর একটি কাঁচাবাজারের খুচরা বিক্রেতাদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার এই অভিযান চালায়।
রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ যথেষ্টই দেখা যায়। কিন্তু তারপরও প্রায় প্রতিটি সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। রমজানকে ঘিরে দাম বেড়েছে সবচেয়ে বেশি বেগুন, কাঁচা মরিচ, শসা, ধনে পাতা ও লেবুর। বেগুন বিক্রি হচ্ছে প্রতিকেজি ৮০ থেকে ১২০ টাকায়, কাঁচা মরিচ ১০০, শসা ৮০ ধনে পাতা প্রায় ৪০০ টাকায়। ক্রেতাদের ক্ষোভ থাকলেও প্রতিবছর একই পরিস্থিতে পড়ে গা সওয়া হয়ে গেছে, জানায় তারা।
বিক্রেতারা বলছে, পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে তাদেরকেই।
এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় নিউমার্কেটসহ কয়েকটি কাঁচা বাজারে। মূল্যতালিকা না রাখাসহ বিভ্ন্নি অনিয়ম পাওয়ায় বেশ কিছু বিক্রেতাকে জরিমানাও করেন তারা।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, জরিমানা মুখ্য নয়, বিক্রেতাদের সচেতন করে তোলা ও মূল্য সহনীয় পর্যায়ে রাখাই তাদের উদ্দেশ্য।
এদিকে সরকার নির্দ্ধারিত দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





