শিশু সৌরভকে গুলি ও ভাংচুরের মামলায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন চেয়ে রোববার গাইবান্ধার আদালতে আবেদন করা হবে জানিয়েছেন তার আইনজীবী।
এমপি লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, সাংসদের বিরুদ্ধে দায়ের করা মামলা দু'টি জামিনযোগ্য। তাই রোববার তার জামিন আবেদন করা হবে।
রোববার কোনও কারণে জামিন আবেদন নাকচ হলে সাতদিন পর আবারও জামিন আবেদন করা হতে পারে।
সৌরভ হত্যাচেষ্টা মামলায় আগামী ৮ ডিসেম্বর ও বাড়ি ভাংচুরের মামলার ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক রয়েছে বলে জানান তিনি।
বুধবার রাতে ঢাকার উত্তরা থেকে গ্রেফতারের পর লিটনকে ভোরের দিকে গাইবান্ধা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরদিন আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।
গত ২ অক্টোবর গাইবান্ধা- ১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে নয় বছর বয়সী ওই শিশু আহত হয়। দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পরদিন তার বাবা সাজু মিয়া সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া গুলির ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে লিটনের লোকজনের হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার মণ্ডল নামের এক ব্যক্তি। এ মামলায় আসামি করা হয় দশজনকে।
ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে লিটন হাই কোর্টে আবেদন করলে সোমবার তা খারিজ হয়ে যায়। এরপর বুধবার রাতে তাকে গ্রেফতার করে ঢাকার গোয়েন্দা পুলিশ।
কেএইচ





