রাজধানীর খিলগাঁও এলাকা থেকে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেফতারের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মনিরুল ইসলাম বলেছেন, তারা হালকা যানবাহন অর্থাৎ সিএনজি, প্রাইভেট কারের ড্রাইভিং লাইসেন্স তৈরি করতো।

বুধবার দুপুর ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

গ্রেফতাকৃতরা হলেন, মো. মাসুম পারভেজ এবং মো. আল মামুন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের একটি দল।

এসময় তাদের কাছ থেকে জাল লাইসেন্স তৈরি কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, একটি লেমনেটিং মেশিন, একটি পাঞ্চ মেশিন, একটি প্রিন্টার, একটি করে কার্ড, সিডি ও কালি বক্স এবং ৩০টি জাল ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্ততে মনিরুল ইসলাম বলেন, তারা বিভিন্ন এলাকার দালালদের সাথে যোগাযোগ করে এক হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি করতো। ‍বিগত কয়েক বছর ধরে তারা নিজেদের বাসায় এ কাজ করে আসছিলো।

তিনি বলেন, মাসুম নীলক্ষেতের একটি দোকানে কাজ করতো। সেখানে বিভিন্ন স্কুলের পরিচয় পত্র তৈরী করতো।

সেখান থেকেই বিভিন্ন ধরনের কাজ শিখে পরবর্তীতে সে নিজের বাসায় কম্পিউটার ও প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনে নকল লাইসেন্স তৈরীর ব্যবসা শুরু করে।

নকল লাইসেন্স তৈরীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সম্পৃক্ত আছে কিনা সে বিষয়ে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান মনিরুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মনিরুল ইসলাম।

এমআর/এমকে/এআই