অর্থপাচার ও অর্থ আত্মসাতের দুই মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবং ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের দেয়া জামিন আগামী ১১ আগস্ট পর্যন্ত স্থগিত ঘোষণা করেন।

জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।

একই সঙ্গে এই সময়ের মধ্যে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিলের নির্দেশ দেয়া হয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, আপিল বিভাগের এ আদেশের ফলে আপাতত মুক্তি পাচ্ছেন না আসামিরা। তাদেরকে দেয়া হাইকোর্টের জামিন বাতিলে লিভ টু আপিল করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২০ জুলাই বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ শর্ত সাপেক্ষে তাদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।

এরপর জামিন স্থগিত চেয়ে চেম্বার বিচারপরিত আদালতে আবেদন জানায় দুদক। গত ২৪ জুলাই এ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে ৩১ জুলাই শুনানির দিন ধার্য করেন চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দারের আদালত।

আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আবেদনের শুনানি নিয়ে আসামিদেরকে হাইকোর্টের দেয়া জামিন ১১ আগস্ট পর্যন্ত স্থগিতের আদেশ দেন।

আপিল বিভাগে মোহাম্মদ রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের পক্ষে আদালতে শুনানি করেন আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অর্থপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে দু’টি মামলা দায়ের করেন।

এরপর আসামিরা ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তারা কারাবন্দি রয়েছেন।

এমবি