রাজধানীর মালিবাগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে গুলিবিনিময়কালে ইকবাল হোসেন নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন।

আজ (১২ জানুয়ারি) রোববার সকাল সাড়ে ৭টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় নিহত ইকবাল হোসেনের স্ত্রী ও শ্যালক এবং তিন র‌্যাব সদস্য আহত হন। নিহত ইকবাল নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসিন্দা।

র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় লক্ষাধিক পিস ইয়াবা, নগদ দুই লাখ টাকা, বিদেশি পিস্তল ও গুলি।

আহত ব্যক্তিরা হলেন- রাফিজা জেসমিন (৩০) ও তাঁর ছোট ভাই মাসনুর হাসান (২২)। তাঁরা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাসিন্দা। বর্তমানে রাজধানীর আদাবরে থাকেন বলে জানা গেছে।

আহত মাসনুর রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে ইয়াবার চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে মালিবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। মাদক চোরাকারবারি চক্রটি বাস থেকে নেমে ইয়াবার চালানসহ একটি প্রাইভেটকারে উঠছিল। এমন সময় র‌্যাব সদস্যরা এগিয়ে গেলে চোরাকারবারী দলটি প্রাইভেটকারসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে একজন নিহত এবং দুজন আহত হন।

র‌্যাব-২’র কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, মাদক চোরাকারবারিদের সঙ্গে গুলিবিনিময়কালে একজন নিহত ও দুজন আহত হন। আহতদের মধ্যে একজন নিহতের স্ত্রী এবং শ্যালক। তার স্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী নিহতর নাম ইকবাল হোসেন।

তিনি আরও জানান, গুলিবিনিময়ের ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হন। এ সময় তাদের কাছ থেকে লক্ষাধিক পিস ইয়াবা, বিদেশি পিস্তল-গুলি ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এমবি