বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিএনপি সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের করা মামলার কার্যক্রম চার সাপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
বুধবার সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া এ মামলার কার্যক্রম ৪ সাপ্তাহের জন্য স্থগিত করে আগামী ২৬ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য প্রেরণ করেছেন।
আজ আদালতে আসামির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী টিএইচ খান ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশিদ আলম খান।
জানা গেছে, হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রীর সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ট ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্ট থেকে তারা জুলফিকার আলী নামের এক ব্যক্তির সঙ্গে এক লক্ষ ৭৫ হাজার ডলার সমপরিমান অর্থ লেনদেন করেছেন।
দুদকের দাবি তাদের এ লেনদেন ছিল অবৈধ। দুদক ২০১১ সালে তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করে। ওই বছরেই মামলার চার্জশিট দেয়া হয়। ওই চার্জশিটের বৈধতা চ্যালেঞ্জ করে হাফিজ ইব্রাহিমের স্ত্রী হাইকোর্টে একটি রিভিশন মামলা দায়ের করেন। রিভিশনের শুনানি শেষে হাইকোর্ট দ্বিধাবিভক্ত রায় দেন।
এরপর এ মামলাটি নিয়ে তৃতীয় বেঞ্চ গঠিত হয়। তৃতীয় বেঞ্চের বিচারপতি এম ইনায়েতুর রহিম রিভিশন মামলাটি খারিজ করে পর্যবেক্ষণের আদেশ দেন।
আজ এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির কাছে আবেদন করেন হাফিজ ইব্রাহিমের স্ত্রী। শুনানি শেষে বিচারপতি ৪ সপ্তাহের জন্য মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দেন।
কেএ/ইআর





