গ্যাটকো (গ্লোবাল অ্যাগ্রোট্রেড) দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি একেএম জহিরুল হকের অবকাশকালীন বেঞ্চ বুধবার এ রায় দেন। মামলাটি বাতিলের আবেদন করেছিলেন চট্টগ্রাম বন্দরের সাবেক পরিচালক লুৎফুল কবির।
চট্টগ্রাম বন্দর ও কমলাপুর কন্টেইনার টার্মিনালের ঠিকাদার নিয়োগ নিয়ে এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২৪ জন এ মামলার আসামি। তাদের মধ্যে দু’জন মারা যাওয়ায় আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। খালেদা জিয়ার অবেদনে মামলায় তার অংশের বিচারিক কার্যক্রম স্থগিত রয়েছে।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ১০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারিক আদালত।
ঢাকা, কেএ, ২৭ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এআর





