২৬টি গরু ও একটি ট্রাকসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুমিরাদহ গ্রাম থেকে বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।
তারা হলো-যশোরের শার্শা উপজেলার গোরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজু আহম্মেদ ও মনিরুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, যশোরের পুটখালী এলাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরু ব্যবসায়ীরা ২৬টি গরু কিনে ট্রাক বোঝাই করে ঢাকার গাবতলী হাটে নিয়ে যাচ্ছিল।
বুধবার রাত ১২টার দিকে পথিমধ্যে একদল ডাকাত যশোরের নাভারন এলাকায় চালক, হেলপার ও রাখালদের জিম্মি করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে ডাকাতরা গরু বোঝাই ট্রাক নিয়ে কুমিরাদহ গ্রামে পৌঁছায়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কয়েকজন ডাকাত পালিয়ে যায়। বাকি দুইজনকে আটক করা হয়।
ওসি আরও জানান, গরুগুলো ঢাকায় কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে ডাকাতরা নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





