একটি রিট আবেদনের প্রেক্ষিতে ব্রাজিল থেকে আমদানি করা পচা ও নিম্নমানের গম নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ২৬ জুলাই পর্যন্ত রায় স্থগিত করে মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান চেম্বার বিচারপতি।
ব্রাজিল থেকে আমদানি করা গমের মধ্যে যে অংশ ইতিমধ্যে বিতরণ করা হয়েছে, তা থেকে কেউ ফেরত দিতে চাইলে সরকারকে ফেরত নিতে হবে। আর এখনো বিতরণ না হওয়া গম যদি কেউ নিতে না চায়, তবে তাকে জোর করে দেওয়া যাবে না।
এ পর্যবেক্ষণসহ গতকাল বুধবার গম-সংক্রান্ত রিট আবেদন নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিট আবেদনের নিষ্পত্তি করেন।
আদেশে আদালত বলেন, ব্রাজিল থেকে আমদানি করা গম গবেষণাগারে পরীক্ষার যতগুলো প্রতিবেদন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আদালতকে দিয়েছেন, তার একটিতেও বলা হয়নি এ গম খাওয়ার অনুপযোগী। যদিও এ গমের বিভিন্ন নমুনা পরীক্ষা করে এতে জীবন্ত পোকা বা কীটের উপস্থিতি পাওয়া গেছে। তারপরও আমদানি করা এ গমের একটি বিশাল অংশ ইতিমধ্যে সারা দেশে বিতরণ করা হয়েছে এবং এ গম খেয়ে কেউ অসুস্থ হয়ে গেছেন এমন কোনো ঘটনা জানা যায়নি।
এমএইচ





