আদালত অবমাননার অভিযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সহসভাপতি ডা. এম এ সালাম ও মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেনকে তলব করেছেন হাইকোর্ট।
সোমবার স্বপ্রণোদিত হয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তিনজনকেই আগামী ২০ এপ্রিল হাইকোর্টে হাজির হয়ে হলফনামা আকারে 'আদালত নিয়ে বক্তব্য দেয়ার' ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি তাদের বিরুদ্ধে রুলও জারি করেছেন আদালত। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন ‘জজ কোর্ট, হাইকোর্ট,সুপ্রিম কোর্ট—সব কোর্টই এখন মুজিব কোর্টের পকেটে বন্দি। এই পকেট ছিড়তে না পারলে কেউ ন্যায়বিচার পাবে না,বিচারকদের বিবেক জাগ্রত হবে না।’
আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকাটি খুলে দেওয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এতে এম এ সালাম সভাপততিত্ব করেন।
ঢাকা, কেএ, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ