পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন এবং তার ২ সহযোগীকে আদালতে নেওয়া হচ্ছে।

রোববার পশ্চিমবঙ্গে স্থানীয় সময় আনুমানিক সকাল ১০টা ৫০ মিনিটে নূর হোসেন ও ২ সহযোগীকে নিয়ে বাগুইআটি থানা থেকে আদালতের উদ্দেশে রওনা হয় পুলিশ।

উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসাতের অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিমের আদালতে ওই ৩ জনকে তোলা হবে।

কলকাতার পুলিশ সূত্র জানায়, কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর-সংলগ্ন বাগুইআটি থানা এলাকার কৈখালির ইন্দ্রপ্রস্থ আবাসনের চারতলা থেকে গতকাল শনিবার রাত নয়টার দিকে নূর হোসেন ও তাঁর দুইজন সহযোগীকে গ্রেফতার করা হয়। আটককৃতদের কাছ থেকে কিছু টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

অনুপ্রবেশ, অস্ত্র আইন ও জুয়ার আসর বসানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাগুইআটি থানার পুলিশ।

পুলিশের বরাতে কলকাতার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, আগে থেকেই পুলিশের নজরে ছিলেন নূর হোসেন।

গতকাল রাতে পুলিশ জানতে পারে, কৈখালির একটি আবাসনে নূর হোসেন ও তার সহযোগীরা জুয়ার আসর বসিয়েছেন। এরপর কলকাতা পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াডের (এটিএস) সদস্যরা বাগুইআটি থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

কলকাতার পুলিশ জানায়, বাংলাদেশের পুলিশের অনুরোধে ওই অভিযান চালানো হয়।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল তাদের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে। এর আগে ২৮ এপ্রিল নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর